নীলফামারীতে মেধাবীদের বৃত্তি প্রদান, ভবনের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গতকাল দুপুরে নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l ছবি: প্রথম আলো
নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গতকাল দুপুরে নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l ছবি: প্রথম আলো

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গতকাল বৃহস্পতিবার ঢেউটিন, নগদ অর্থ, শাড়ি, লুঙ্গি, কম্বল ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও দরিদ্র মেধাবীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। একই দিন বিকেলে মন্ত্রী রাবেয়া বালিকা বিদ্যানিকেতনের নবনির্মিত ভবনের উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা পরিষদ চত্বরে গতকাল দুপুরে সম্প্রতি সদরের গোড়গ্রাম ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া দুই হাজার করে টাকা, দুটি করে কম্বল, শাড়ি, লুঙ্গি বিতরণ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। একই অনুষ্ঠানে সদর উপজেলার কুন্দপুকুর, গোড়গ্রাম, সোনারায়, কচুকাটা, রামনগর ও পলাশবাড়ী ইউনিয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের মাঝে উপজেলা ত্রাণ কার্যালয়ের দেওয়া এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার করে টাকা ও সমাজসেবা দপ্তরের দেওয়া ২২টি হুইলচেয়ার ২২ জন প্রতিবন্ধীর মাঝে বিতরণ করেন তিনি।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি মমতাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা প্রমুখ।
এ ছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে ৭০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে চার লাখ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করেন আসাদুজ্জামান নূর। এতে সভাপতিত্ব করেন ইউএনও সাবেত আলী।
বিকেলে মন্ত্রী শহরের রাবেয়া বালিকা বিদ্যানিকেতনের নিজস্ব অর্থায়নে ২০ লাখ টাকা ব্যয়ে সম্প্রসারিত দ্বিতল ভবনের উদ্বোধন শেষে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মজিবুল হাসান চৌধুরী।