নীলফামারীতে যুবক রংপুরে গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দর্জিপাড়া গ্রামে বিয়ের পরদিন খুন হয়েছেন ইসা মাহমুদ নামের একজন যুবক। রংপুরে একজন গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, দর্জিপাড়া গ্রামের ইসা মাহমুদের সঙ্গে গত শনিবার রাতে জেলার জলঢাকা উপজেলার পাঠানপাড়া গ্রামের মণি আক্তারের বিয়ে হয়। রোববার রাতে ইসার বন্ধু একই গ্রামের বাবু আরও দুজনসহ তাঁর স্ত্রীকে দেখতে আসেন। বাবুসহ অন্যদের এগিয়ে দিতে ইসা বাড়ির বাইরে এসে আর ফেরেননি। সোমবার সকালে বাড়ির কাছের একটি বাঁশঝাড়ের পাশে ইসার লাশ পাওয়া যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ থানার পুলিশ ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। এ ঘটনায় একই গ্রামের ফজু মাহমুদ (৩০) ও তাঁর স্ত্রী জেসমিন আক্তারকে (২৬) আটক করে পুলিশ।অন্যদিকে রংপুর সদর উপজেলার সাতগাড়া ইউনিয়নের দামোদারপুর এলাকার বড় ঈদগাহ মাঠের পাশের একটি পাটখেত থেকে গত সোমবার বিকেলে মিনারা বেগম (৩২) নামের একজন গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। মিনারা ইউনিয়নের দামোদারপুর বড়বাড়ি এলাকার সাইদুর রহমানের স্ত্রী। তিনি ওই দিন সকাল ১০টার দিকে বাবার বাড়ি হরিদেবপুরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন।