নীলফামারীতে রাস্তার ওপর মার্কেট নির্মাণ!
নীলফামারী শহরের শাখামাছা বাজারে জনসাধারণের চলাচলের রাস্তার ওপর পৌরসভার মার্কেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া এই মার্কেট নির্মাণ করতে গিয়ে ওই সড়কের দুটি শাখা সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।ওই রাস্তার পাশের পানদোকানি রহমত আলী বলেন, ‘আমি প্রায় ১০ বছর ধরে এখানে ব্যবসা করছি। আমার দোকানের সামনের এই রাস্তা দিয়ে মানুষ ভূমি অফিস ছাড়াও বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করত। এখন পৌরসভা রাস্তার ওপর মার্কেট নির্মাণের কারণে সাধারণ মানুষের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।’রাস্তার পাশের হোটেলমালিক দেলোয়ার হোসেন বলেন, ‘আমার হোটেলের সামনে দিয়ে পৌরসভার রাস্তা ছিল, কিন্তু সেই রাস্তার ওপর পৌরসভা এখন মার্কেট করছে। এতে রাস্তা বন্ধ হয়ে গেছে।’ নীলফামারী পৌর ভূমি অফিসের তহশিলদার উত্তম কুমার বলেন, ‘সেখানে রাস্তা ছিল, কিন্তু রাস্তাটা পৌরসভার হওয়ার কারণে তারা (পৌরসভা) বন্ধ করে দিয়েছে। তবে যে রাস্তায় জনসাধারণ চলাচল করে সে রাস্তা বন্ধ করা যায় না।’ তিনি বলেন, ‘পৌরসভা প্রথমে ভূমি অফিসের রাস্তাও বন্ধ করেছিল। আমরা বাধা দেওয়ার কারণে আমাদের রাস্তা ছেড়ে দিয়েছে।’ বাজারের ব্যবসায়ী গোলাম আজম অভিযোগ করেন, তিনতলা ওই ভবন নির্মাণের নকশায় রাস্তা থাকলেও তারা নকশা বহির্ভূত প্রধান সড়ক ও দুটি শাখা সড়ক বন্ধ করে স্থাপনা নির্মাণ করায় আমার প্রায় ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জমি মাপার ব্যাপারে আমি একাধিকবার লিখিত ও মৌখিকভাবে পৌরসভাকে জানানোর পরও তারা কর্ণপাত করেনি। বাধ্য হয়ে আদালতে মামলা করেছি। মামলাটি বিচারাধীন।’নীলফামারী পৌরসভার সহকারী প্রকৌশলী ফয়জুল ইসলাম বলেন, ২০০৮ সালের মার্চে ওই বাজারের ভবন নির্মাণকাজ শুরু হয়। তিনি বলেন, ‘আমরা নকশা অনুযায়ী কাজ করছি। সেখানে স্থাপনা নির্মাণ শেষে ওই স্থাপনার পাশ দিয়ে রাস্তা করে দেওয়া হবে। আর ভূমি অফিসের বাধার কারণে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে না পারায় শাখা সড়কগুলো বাদ দিতে হয়েছে।’ পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ বলেন ‘এর আগে আমরা অন্তত ২৫ বার ওই জমি মেপেছি। সেখানে রাস্তা রেখে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এখানে কেউ আলাদাভাবে চাইলে রাস্তা দেওয়া যাবে না।’