নীলফামারীতে লাঠির আঘাতে শ্যালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মহব্বত বাজিতপাড়া গ্রামে দুলাভাইয়ের লাঠির আঘাতে আহত শ্যালক আবুল কাশেম (৩০) গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ওই গ্রামের দুখু মিয়ার ছেলে। এ ঘটনায় দুলাভাই আফজাল হোসেনকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। এলাকাবাসী জানান, মহব্বত বাজিতপাড়া গ্রামে একই বাড়িতে বসবাস করতেন আবুল কাশেম ও আফজাল হোসেন। গত সোমবার সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে কাশেম আফজালের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। আফজালও লাঠি দিয়ে কাশেমের মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে তাঁকে প্রথমে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কচুকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরী বলেন, আবুল কাশেম চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত মধ্যরাতে মারা যান। ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা আফজাল হোসেনকে শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছেন। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।