নীলফামারীতে শতাধিক ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে গত বুধবার বিকেলে এক অগ্নিকাণ্ডে ৬০টি পরিবারের শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের মজিবর পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে ওই গ্রামের রমজান আলীর বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত এ আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে ওই গ্রামের ৬০টি পরিবারের টিন ও খড়ের শতাধিক ঘর পুড়ে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হন। খবর পেয়ে নীলফামারী ও ডোমার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নীলফামারী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক প্রামাণিক বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হয়েছে।