নীলফামারীতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার দুপুরে নীলফামারী সরকারি কলেজের এক প্রভাষক শহরের চৌরঙ্গী মোড়ের এক দোকানদারের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে। ওই ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চৌরঙ্গী মোড়ে সড়ক অবরোধ করে। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ চলাকালে শহরের প্রধান সড়কের ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এএসপি (সদর সার্কেল) সাহাবুদ্দিন আহম্মেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আশরাফুল আলম সোমবার দুপুরে ফটোস্ট্যাটের দোকানে গিয়ে একটি কাগজ ফটোকপি করান। পরে দোকানদার মুক্তিকে ১০ টাকার একটি নোট দেন তিনি। ফটোকপির দাম দুই টাকা। দোকানদার প্রভাষককে সাত টাকা ফেরত দিয়ে আর কিছু বলেননি। প্রভাষক অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর বাকি টাকা ফেরত চাইলে দোকানদার বলেন, এক টাকা খুচরা নেই। তাঁর এ কথা শুনে প্রভাষক বলেন, ‘এ কথা আগে বললেই হতো। অযথা দাঁড়িয়ে থাকতে হতো না।’এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে দোকানদার ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা হাতুড়ি দিয়ে প্রভাষকের মাথায় আঘাত করতে গেলে তিনি সরে যান। এতে তাঁর হাতে আঘাত লাগে। এ সময় দোকানদার প্রভাষককে হত্যার হুমকি দেন। এ ঘটনায় ওই দিন দুপুরেই প্রভাষক আশরাফুল আলম বাদী হয়ে নীলফামারী সদর থানায় মামলা করেন। গতকাল পর্যন্ত আসামি গ্রেপ্তার না হওয়ায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। নীলফামারী সদর থানার ওসি নুরুল ইসলাম বলেন, মামলা হওয়ার পর থেকে আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।