নীলফামারীতে শিবিরের সভাপতিসহ গ্রেপ্তার ২
নীলফামারীর ডিমলায় ভোটারকে ভোটকেন্দ্রে আসতে বাধাদানসহ মারধর করার অভিযোগে করা মামলায় জামায়াতের এক কর্মী ও জলঢাকায় ভোটকেন্দ্রে সহিংসতার মামলায় শিবিরের ইউনিয়ন পর্যায়ের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডিমলা উপজেলার আবদুর রহমান (৩৭) ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ধনপাড়া গ্রামের অপিয়ার রহমান (২২)।
ডিমলা থানার ওসি আজিম উদ্দিন জানান, ৫ জানুয়ারি নির্বাচনের ভোট গ্রহণের দিন কেন্দ্রে ভোট দিতে আসার সময় নির্মল চন্দ্র রায়কে বাধাদানসহ ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ ঘটনায় ১০ জানুয়ারি নির্মল চন্দ্র বাদী হয়ে ডিমলা থানায় ২৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলার আসামি আবদুর রহমানকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। তিনি জামায়াতের সক্রিয় কর্মী।
জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান জানান, অপিয়ার রহমান শিবিরের সাথি এবং গোলমুন্ডা ইউনিয়ন শিবিরের সভাপতি। তাঁকে সংসদ নির্বাচনের আগের দিন ও ভোট গ্রহণের সময় জলঢাকা উপজেলার ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সহিংসতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।