নীলফামারীতে শিশুদের বিনা মূল্যে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সহায়তায় নীলফামারীতে দুস্থ ও অসচ্ছল পরিবারের প্রায় এক হাজার শিশু রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শহরের বাড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ সেবা দেওয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ও আসাদুজ্জামান নূরের পত্নী শাহিন আখতারের নেতৃত্বে ওই চিকিৎসা শিবিরে অংশ নেন চিকিৎসক বিকাশ চন্দ্র, সাখাওয়াত আলম, রজত শুভ্র পাল, ধীমান, শুভজিত প্রমুখ।
শিবিরে চিকিৎসাসেবা নিতে আসা জরিনা বেগম (৩০) বলেন, ‘প্রায় এক মাস ধরে আমার দুই বছর বয়সী মেয়েটি অসুস্থ। হাসপাতালে দু-একবার চিকিৎসাও নিয়েছি। কিন্তু ভালো হচ্ছিল না। ওষুধ কেনার সামর্থ্যও নাই। বাচ্চাটাকে দেখালাম। এখানে বিনা পয়সায় ওষুধও দিয়েছে। বিনা পয়সায় এত বড় ডাক্তার ওষুধ সবে পাইলাম।’
নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মোশফিকুল ইসলাম বলেন, এখানে প্রায় এক হাজার রোগীকে চিকিৎসাপত্রের পাশাপাশি বিনা মূল্যে ওষুধও দেওয়া হয়। আজ শনিবার কুন্দুপুকুর উচ্চবিদ্যালয়ে কুন্দুপুকুর ইউনিয়নের প্রায় এক হাজার শিশু রোগীকে এ সেবা দেওয়া হবে।