নীলফামারীতে শিশুদের শ্বাসকষ্ট ও ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব
আবহাওয়াজনিত কারণে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পেটব্যথা, জ্বর, সর্দি, শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। ভাইরাসজনিত এসব রোগে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে।
১২ এপ্রিল দুপুরে ও ১৭ এপ্রিল সকালে ১০০ শয্যার নীলফামারী আধুনিক সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, ১০ শয্যার শিশু ওয়ার্ডে যথাক্রমে ৩১ ও ২৬ শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। তাদের অধিকাংশই শ্বাসকষ্ট (নিউমোনিয়া) ও পেটব্যথায় আক্রান্ত। স্থান সংকুলান না হওয়ায় একটি বিছানায় দুটি করে শিশুকে নিয়ে থাকতে হচ্ছে তাদের মায়েদের।
জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া ভাঙ্গামাল্লী গ্রামের রিশামনির (২০) সঙ্গে কথা হয় গত সোমবার সকালে। তিনি তাঁর এক মাস চার দিন বয়সী রিশিমনিকে শ্বাসকষ্ট ও কাশির কারণে চার দিন আগে হাসপাতালে ভর্তি করেছেন। তিন দিন ধরে অন্য একটি শিশুর সঙ্গে একই বিছানায় তাঁর শিশুটিকে রেখে চিকিৎসা নিতে হয়েছে। গত সোমবার ওই শিশুটি চলে গেছে। তাই এখন পুরো শয্যা পেয়েছেন।
এর আগে ১২ এপ্রিল কথা হয় ওয়ার্ডের ১২ নম্বর শয্যায় সন্তান নিয়ে ঠাঁই পাওয়া ফাহিমা আক্তার (৩০) ও ইছমত আরার (৩৫) সঙ্গে। ছয় মাসের শিশু ফেরদৌসিকে নিয়ে মা ফাহিমা এবং ৫ মাসের তানিয়াকে নিয়ে আছেন মা ইছমত আরা। ফাহিমার বাড়ি জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের শালহাটি গ্রামে। তাঁর মেয়ের জ্বর ও শ্বাসকষ্ট। আর ইছমত আরার বাড়ি জেলা সদরের রামগঞ্জ ইউনিয়নের নিত্যনন্দি গ্রামে। তাঁর মেয়ে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে।
ইছমত আরা বললেন, চিকিৎসা সমস্যা নেই, এখানে শুধু থাকার সমস্যা। তিনি বলেন, ‘সকাল থেকে এ পর্যন্ত (দুপুর দেড়টা) বাচ্চাটার শ্বাসকষ্টের জন্য দুইবার গ্যাস দিয়েছে।’
ওই ওয়ার্ডের কর্তব্যরত জ্যেষ্ঠ স্টাফ নার্স মীরা রানী রায় বলেন, কয়েক দিন ধরে শিশু রোগীর সংখ্যা বাড়ায় ১০ শয্যার ওয়ার্ডে আরও সাতটি বাড়তি বিছানা দেওয়া হয়েছে। এরপরও বিছানার চেয়ে রোগীর সংখ্যা বেশি হওয়ায় এক বিছানায় দুটি করে শিশুকে থাকতে দিতে হচ্ছে। গত সোমবার ওই ওয়ার্ডে ২৬টি শিশু ভর্তি ছিল। তিনি আরও বলেন, শিশু রোগীর মধ্যে রয়েছে জ্বর, পেটের ব্যথা ও শ্বাসকষ্টের রোগী।
হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ এনামুল হক বলেন, আবহাওয়াজনিত কারণে শিশুদের শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশিসহ নানা রোগ দেখা দিচ্ছে। এ ছাড়া ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের মধ্যে মামস রোগের প্রাদুর্ভাব বেশি। মামস রোগ ছোঁয়াচে হওয়ায় এ রোগে আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তি না রেখে চিকিৎসা দিয়ে বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।