নীলফামারীতে শীতের প্রকোপে বাড়ছে শিশু রোগীর সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক দিন ধরে কনকনে ও হাড়কাঁপানো শীতে কাহিল হচ্ছে সব বয়সী মানুষ। শীত থেকে রক্ষা করতে শিশুসন্তানকে কম্বল জড়িয়ে বের হয়েছেন বাবা। ছবিটি রংপুর নগরের উত্তর কেল্লাবন্দ এলাকা থেকে গতকাল তোলা l প্রথম আলো
কয়েক দিন ধরে কনকনে ও হাড়কাঁপানো শীতে কাহিল হচ্ছে সব বয়সী মানুষ। শীত থেকে রক্ষা করতে শিশুসন্তানকে কম্বল জড়িয়ে বের হয়েছেন বাবা। ছবিটি রংপুর নগরের উত্তর কেল্লাবন্দ এলাকা থেকে গতকাল তোলা l প্রথম আলো

নীলফামারীতে তিন দিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। শীতের কারণে শিশুদের ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
ডায়রিয়ার পাশাপাশি শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বয়স্করাও। গতকাল বৃহস্পতিবার দুপুরে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, ভর্তি হওয়া রোগীর মধ্যে অর্ধেকই শিশু। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক কর্তব্যরত এক সেবিকা বলেন, ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে এখন ২৫ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ২০ জনই শিশু। তিনি বলেন, ওই ওয়ার্ডে গত বুধবার রাতে চিকিৎসাধীন ছিল ২০ জন, বৃহস্পতিবার সকালে আরও ভর্তি হয়েছে পাঁচজন।

 জেলা সদরের উত্তর চওড়া গ্রামের বুলবুলি আক্তার (৩৫) এক বছর বয়সী মেয়ে সুমাইয়া আক্তারকে নিয়ে বসে আছেন রোদের মধ্যে। তিনি বলেন, ‘বাচ্চাটার বমি ও পাতলা পায়খানা শুরু হওয়ায় গতকাল হাসপাতালে ভর্তি করেছি। এখন কিছুটা কমেছে।’
জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাজীর হাট গ্রামের পারুল বেগম (৩৫) বলেন, ‘আমার ছয় মাস বয়সী মেয়ে জান্নাতুল গত চার দিন ধরে বমি ও পাতলা পায়খানা করছে। গ্রামের ডাক্তার দিয়ে চিকিৎসা করেছি, কাজ হচ্ছে না। এ কারণে বুধবার রাত নয়টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করেছি।’

একইভাবে হাসপাতালে ১০ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে ৪৯ শিশু। এসব রোগীর মধ্যে বেিশর ভাগ শিশু আক্রান্ত রয়েছে শ্বাসকষ্টজনিত রোগে। ওই ওয়ার্ডে অবস্থানরত দিনাজপুরের খানসামা উপজেলার টঙ্গুয়া গ্রামের মমতা রায় (৩০) বলেন, ‘আমার ৪২ দিন বয়সী মেয়ে তরির জ্বর ও শ্বাসকষ্ট। এ জন্য হাসপাতালে ভর্তি করেছি।’

ওই ওয়ার্ডে বেিশর ভাগ শিশু এমন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে বলে জানান সেখানে কর্মরত সেবিকারা।

এ বিষয়ে কথা বললে ওই হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দিলীপ কুমার রায় বলেন, তিন দিন ধরে শীতের প্রকোপ কিছুটা বাড়ায় শিশুদের ডায়রিয়া কিছুটা বেড়েছে। পাশাপাশি শীতের কারণে শিশুসহ বয়স্করা শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে সিভিল সার্জন আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, শীতকালে সাধারণত রোগীর সংখ্যা কিছুটা বাড়ে। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এ বছর রোগীর সংখ্যা কম। রোটা ভাইরাসের কারণে শিশুরা বেিশ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন রয়েছে। ১০০ শয্যার এ হাসপাতালে বৃহস্পতিবার ১৫০ জন রোগী ভর্তি ছিল।