বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে নীলফামারীতে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা হয়।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের (বিবিএফ) আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিভিল সার্জন আবদুর রশীদ, আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হাসিনুর রহমান, চিকিৎসা কর্মকর্তা সামিউল ইসলাম, মিজানুর রহমান, ইউনিসেফের প্রতিনিধি সামিয়া ইসলাম খন্দকার, ওয়ার্ল্ড ভিশনের নবকলি প্রকল্পের স্বাস্থ্য কর্মকর্তা মাঈনুদ্দিন ভুঁইয়া প্রমুখ।
এদিকে ডিমলায়ও শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ল্যাম্ব ও ব্র্যাকের সহযোগিতায় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সভাকক্ষে আলোচনা সভা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাশেদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হোসেন।