নীলফামারীতে শ্রমিক ও গাইবান্ধায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (ইপিজেড) এলাকায় গত সোমবার সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত ও অন্য এক শ্রমিক আহত হয়েছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় একই দিন সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় একজন নিহত হন।
নীলফামারীতে নিহত শ্রমিকের নাম মিলন হোসেন (২৭)। তিনি সদর উপজেলার বাবড়িঝাড় গ্রামের আবদুল গফুরের ছেলে। উত্তরা ইপিজেডের এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি বিডি লিমিটেড নামের একটি কারখানার শ্রমিক ছিলেন তিনি। আহত শ্রমিকের নাম খাদেমুল ইসলাম (২১)। গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিহত যুবকের নাম মনু মিয়া (৩৩)। তিনি উপজেলার ভিটাসাকইল গ্রামের নছিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কারখানায় কাজ শেষে মিলন হোসেন ও প্রতিবেশী একই কারখানার শ্রমিক খাদেমুল ইসলাম মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ইপিজেড এলাকার কাস্টমস গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইপিজেডের একটি মালবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তাঁরা দুজন আহত হন। মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিলন মারা যান। খাদেমুলকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, কাভার্ড ভ্যানটি আটক করা সম্ভব হয়নি। ওই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
গোবিন্দগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ সদরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পারাপারের সময় রংপুর থেকে বগুড়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা মনু মিয়াকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তিনি সেখানে মারা যান। এ ঘটনায় মামলা হয়েছে।

ভুল সংশোধনী

প্রথম আলোর ৯-এর পাতায় আজ বুধবার ‘নীলফামারীতে শ্রমিক ও গাইবান্ধায় যুবক নিহত’ শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, এতে উল্লিখিত নীলফামারী এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরি বিডি লিমিটেডের শ্রমিক মিলন হোসেনের নিহত হওয়ার খবরটি সত্য নয়। মিলন এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ভুলবশত তাঁকে নিহত দেখানো হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরি বিডি লিমিটেডের মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, আহত দুজনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে মিলন হোসেনের এখনো জ্ঞান ফেরেনি। চিকিৎসক বলেন, তাঁর জ্ঞান ফিরতে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে। অপর আহত শ্রমিক খাদেমুল এখন আশঙ্কামুক্ত বলে তিনি জানান।

গত সোমবার সন্ধ্যায় কারখানায় কাজ শেষে মিলন হোসেন ও প্রতিবেশী একই কারখানার শ্রমিক খাদেমুল ইসলাম মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ইপিজেড এলাকার কাস্টম গেটের সামনে বিপরীত দিক থেকে আসা ইপিজেডের একটি কোম্পানির মালবাহী কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন আহত হন।