নীলফামারীতে সদর উপজেলা চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী শহরের বড় মাঠে এ খেলার আয়োজন করা হয়।
ফুটবল টুর্নামেন্টে (বালিকা) সদর উপজেলার দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে সৈয়দপুর উপজেলার কুজিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ওই খেলায় দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের পক্ষে গোলটি করে ১১ নম্বর জার্সি পরিহিত মীম আক্তার।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক) সদর উপজেলার গুড়গুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৪-১ গোলে পরাজিত করে সৈয়দপুর উপজেলার বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে। খেলায় গুড়গুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের পক্ষে ১০ নম্বর জার্সি পরিহিত নিক্সন তিনটি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়। জেলা পর্যায়ের বিজয়ী দল বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশ নেবে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. জাকির হোসেন। ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ বক্তৃতা করেন।