নীলফামারীতে সাংসদ নূরের গাড়িতে হামলা
নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িতে আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে হামলা চালিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা। হামলায় নূরের গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত আছেন। পরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আসাদুজ্জামান নূর পুলিশ প্রহরায় শহরে ঢোকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত-শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত জেলা সদরের পলাশবাড়ি লক্ষ্মীচাপ রামগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা করতে আজ সকালে যান সাংসদ নূর। পথসভা শেষে বিকেলে জেলা শহরে ফেরার পথে রামগঞ্জ সেতুর কাছে তাঁর গাড়িতে হামলা চালান জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় চারদিক থেকে হামলাকারীরা গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে পুরো এলাকা ঘেরাও করে হামলা চালাতে থাকে তাঁরা। জবাবে পুলিশ বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে সাংসদ নূরকে সেখান থেকে উদ্ধার করে। পরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নূর শহরে ঢোকেন। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ওই এলাকায় সংঘর্ষ চলছিল।
হামলা প্রসঙ্গে আসাদুজ্জামান নূর প্রথম আলো ডটকমকে বলেন, তিনি সুস্থ আছেন।