নীলফামারীতে সাংসদ নূরের ঘর বিতরণ
নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর গৃহহীন ১০টি পরিবারের মধ্যে নিজস্ব তহবিল থেকে ঘর বিতরণ করেছেন। নীলফামারী উপজেলা সড়কের নিজ বাসভবনের সামনে গতকাল শনিবার সকালে তিনি এসব ঘর বিতরণ করেন।পরে সাংসদ নূর সেখানে একটি রিকশাভ্যান ও দুটি হুইল চেয়ার বিতরণ করেন। ঘর নিতে আসা নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের দারায়ানী ধনীপাড়ার ওয়াহেদা বেগম (৭০) বলেন, ‘মোর স্বামী নাই, মোর ঘর-দুয়ারও নাই। নাতির একটা ভাঙা ঘরত থাকো। চাটি-বেড়া কিছুই নাই। পানি আইসলে ভিজি যাও, অসুখ হয়। এলা এই ঘরটা নাতির যাগাত ওঠে আরাম করি থাকির পারিম।’সাংসদ নূরের সহকারী তারিকুল ইসলাম জানান, এটা সাংসদের চলমান কর্মসূচির একটি অংশ। গত বছর ৭০ জনকে ঘর দেওয়া হয়েছে, এ বছর ৬৪ জনের তালিকা করা হয়েছে। এই তালিকা আরও বড় হতে পারে।প্রায় ১০ বছর ধরে নীলফামারীতে গৃহহীনদের ঘর, অসচ্ছল ব্যক্তিদের চিকিৎসা সহযোগিতা, ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সহায়তা, রিকশাভ্যান বিতরণ, অসচ্ছল শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণসহ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছেন।