নীলফামারীতে সাংসদ নূরের শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা সদরের বিভিন্ন এলাকায় অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংস্কৃতিবিষয়ক সম্পাদক সাংসদ আসাদুজ্জামান নূর। ব্যক্তিগত তহবিল ও এক্সিম ব্যাংকের সহায়তায় তিনি গতকাল শনিবার এবং গত শুক্রবার দেড় হাজার পরিবারের মধ্যে একটি করে কম্বল বিতরণ করেন।কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের রংপুরের এভিপি ও শাখা ব্যবস্থাপক মো. ওসমান আলী মিয়া, নির্বাহী কর্মকর্তা মো. কাওছার হাবীব, বিপ্লব প্রসাদ, এস এম জহিরুল হক, চিকিৎসক মমতাজুল ইসলাম, সদরের ভাইস চেয়ারম্যান সাহিদ মাহমুদ, মাহফুজার রহমান ও জেলা আওয়ামী লীগের নেতারা।ডাঙ্গাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও সংগলশী ইউনিয়নের কাজিরহাট কিন্ডারগার্টেন মাঠে পাঁচ শ করে এক হাজার কম্বল বিতরণ করা হয়। গত শুক্রবার বিকেলে বাবুরহাট উচ্চবিদ্যালয় মাঠে পাঁচ শ কম্বল বিতরণ করা হয়। এ ছাড়া তিনি নবকান্ত হিন্দুপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৪টি পরিবারের মধ্যে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে একটি করে কম্বল, সোয়েটার, লুঙ্গি, শাড়ি ও নগদ পাঁচ শ করে টাকা দেন। এ সময় প্রতিটি পরিবারকে তিনি সরকারের দেওয়া খয়রাতি ২০ কেজি করে চাল তুলে দেন।