নীলফামারীতে সাত দিনেও সন্ধান মেলেনি অপহৃত কলেজছাত্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে অপহরণের শিকার কলেজছাত্র নূরে আলমের (২২) সাত দিনেও সন্ধান মেলেনি। গতকাল রোববার দুপুর ১২টার দিকে নূরে আলমের সন্ধান দাবিতে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করতে আসেন তাঁর পরিবারের সদস্য ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। নূরে আলম কলেজের রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
তবে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অভিযোগ, মানববন্ধনে দাঁড়ানোর সময় পুলিশ তাঁদের তাড়িয়ে দেয়। এ সময় কলেজের রসায়ন বিভাগের শিক্ষক আলী নূর ইসলামকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
এর আগে একই দাবিতে গত বুধবার দুপুরে ওই স্থানে মানববন্ধন করেন পরিবারের সদস্যসহ কলেজের শিক্ষার্থীরা।
এ ব্যাপারে নীলফামারী সরকারি কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, তাঁরা দুপুর ১২টার দিকে নূরে আলমের সন্ধান দাবিতে মানববন্ধনের উদ্দেশে স্থানীয় চৌরঙ্গী মোড়ে সমবেত হন। এ সময় পুলিশ এসে তাঁদের বাধা দেয় ও তাঁদের কলেজের রসায়ন বিভাগের শিক্ষক আলী নূর ইসলামকে সেখান থেকে থানায় নিয়ে যায়।
শিক্ষক আলী নূর ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে পারে—এমন আশঙ্কায় পুলিশ আমাকে থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে কলেজে চলে আসি।’
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, ‘নূরে আলমের পরিবার ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে বাধা দেওয়া হয়নি। তাঁরা সেখানে মানববন্ধন করেছেন। সড়ক অবরোধের চেষ্টা করলে আমরা তাঁদের সড়ক থেকে সরিয়ে দিই। অপহরণের ঘটনাটির তদন্ত চলছে। এখনো অপহৃতের কোনো সন্ধান পাওয়া যায়নি।’
শহরের উকিলের মোড়ের বাড়ি থেকে ১১ এপ্রিল রাতে প্রশাসনের পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় নূরে আলমকে। এ ঘটনায় গত মঙ্গলবার দুপুরে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর মা নূরনাহার বেগম।