নীলফামারীতে সেই শিশুকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১
নীলফামারীতে শিশু মিলন হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মিলনের দাদা বয়েজ উদ্দিন বুধবার রাতে নাটোর সদর থানায় হত্যা মামলা করেছেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম খোকা মামুদ (৬৫)। তিনি সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ও এ মামলার আসামি।মামলার তদন্ত কর্মকর্তা নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মঙ্গলবার গভীর রাতে ডাঙ্গাপাড়া গ্রামের মোমিনুর রহমানের ছেলে মিলন (৬) খুন হয়। এ ঘটনায় বুধবার রাতে করা মামলায় মিলনের মা ফরিদা বেগম (৩৫), ফরিদার দ্বিতীয় স্বামী রেজাউল ইসলাম (৩০), রেজাউলের বাবা খোকা মামুদ (৬৫), মা ফতে বেগম (৫৫) ও অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় মিলনের বাবা মোমিনুর রহমানকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।বুধবার জিজ্ঞাসাবাদের জন্য আনা খোকা মামুদকে রাতে গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।সদর থানা সূত্রে জানা গেছে, ফরিদা বেগম ৭ জানুয়ারি মোমিনুরকে তালাক দেন। এ সময় তিনি তাঁদের তিন ছেলেকে মোমিনুরের কাছে রেখে বাবার বাড়ি জেলা সদরের খালিশাপাড়ায় চলে যান। পরদিন তিনি প্রতিবেশী রেজাউলকে বিয়ে করেন। বিয়ের দুই দিন পরই মিলন খুন হয়।মিলন খুন হওয়ার ঘটনায় গতকাল প্রথম আলোতে ‘মায়ের দ্বিতীয় বিয়ের দুই দিন পর শিশু খুন’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। খোকা মামুদ বলেন, ‘এ ঘটনার ব্যাপারে আমি কিছুই জানি না। আমার ছেলেকে ওই মহিলা নিয়ে গেছে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সে নাকি বাসা ভাড়া নিয়ে আছে শুনেছি।’