নীলফামারীতে সেচ খালের বাঁধে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশিবাড়ি গ্রামে তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ খালের বাঁধের প্রায় ১৫ ফুট অংশ গত বুধবার রাতে ভেঙে গেছে।
দেশিবাড়ি গ্রামের কৃষক শুকারু সরকার অভিযোগ করেন, বাঁধে ইঁদুরের অনেক গর্ত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সময়মতো সেগুলো সংস্কার না করায় বুধবার রাত দুইটার দিকে বাঁধটি ভেঙে যায়। খালে পর্যাপ্ত পানি না থাকায় বোরোর বড় ধরনের ক্ষতি হয়নি। কিন্তু প্রায় ১০ কিলোমিটার এলাকার বোরো খেতগুলো সেচবঞ্চিত হচ্ছে। গত বৃহস্পতিবার ওই ভাঙা অংশে কয়েক ট্রলি মাটি ফেললেও গতকাল শুক্রবার সেখানে আর কাউকে দেখা যায়নি।
ভাঙন এলাকার প্রায় পাঁচ কিলোমিটার উজানে একই ইউনিয়নের পূর্ব কাঁঠালী গ্রামের কৃষক দুলাল আহম্মেদ বলেন, এ বছর এমনিতে পানির সংকট। বাঁধ ভেঙে সমস্যা আরও বেড়েছে। সংস্কারের কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না।
পাউবো নীলফামারীর উপবিভাগীয় প্রকৌশলী মকছুদার রহমান বলেন, বাঁধের ওই অংশে ওই রাতে কৃষকেরা বোরিং করে পানি নেওয়ার চেষ্টাকালে বাঁধটি ভেঙে যায়। পরে সেখানে সমিতির লোকজন মাটি ফেলে বোরিংটি বন্ধের চেষ্টা করলে তাঁরা নিষেধ করেন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ তদন্ত শেষ করলে বাঁধটি সংস্কার করা হবে।