নীলফামারীতে স্কুল জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ

নীলফামারীতে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় জাতীয়করণের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে। কিশোরগঞ্জ উপজেলা সদরে নাগরিক কমিটির ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে এক ঘণ্টা সড়ক অবরোধ করে।
গতকাল দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সামনের সড়কে ওই মানববন্ধন হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।
মানববন্ধনের সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এছরারুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন নাগরিক কমিটির সভাপতি ফজলে রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মমতাজুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম আজম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজল কাদির, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আলম হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মখলেছার রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিজবুল্লা রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ফণীভূষণ মজুমদার, নাগরিক কমিটির উপদেষ্টা এ কে এম সাঈদ হোসেন প্রমুখ।