নীলফামারীতে স্বস্তির বৃষ্টি
টানা অনাবৃষ্টির পর গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত বৃষ্টিতে নীলফামারীর কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আমন মৌসুমের শেষ সময়ে এসে বৃষ্টির দেখা পাওয়ায় গতকাল ভোর থেকেই চারা রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকেরা। তবে দেখা দিয়েছে কৃষিশ্রমিকের সংকট।
কৃষকেরা বলছেন, এত দিন শ্রমিকেরা বসে ছিল। হঠাৎ বৃষ্টি হওয়ায় সবাই একসঙ্গে রোপা আমন চারা লাগাতে শুরু করায় হাল (কলের লাঙল) ও কৃষি শ্রমিকের সংকট দেখা দিয়েছে। ২৫০ টাকায় যে শ্রমিক পাওয়া যেত, তাকে এখন ৩০০ টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না।
গতকাল জেলা সদরের পলাশবাড়ী ও টুপারামী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কৃষকদের ব্যস্ততা। পলাশবাড়ী ইউনিয়নের দোলাপাড়া গ্রামে গিয়ে দুপুর ১২টার দিকে কথা হয় কৃষক করিমুল ইসলামের (৩৫) সঙ্গে। তিনি বলেন, ‘রাতে বৃষ্টি হওয়ায় আমন চারা তুলে মজুত করেছি। শ্রমিকও নিয়েছি, কিন্তু সকাল থেকে অপেক্ষা করছি, হাল (কলের লাঙল) আসছে না। হাল দেওয়ার পর চারা লাগানোর কাজ শুরু করব।’
জেলা কৃষি বিভাগের সূত্রমতে, গত ১৭ জুলাই থেকে ১৮ দিনে জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল মোট ৩৬ দশমিক ৭৯ মিলিমিটার। গত মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয় ২৭ মিলিমিটার।