নীলফামারীতে স্বাস্থ্য ঝুঁকিতে শহরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী শহরের পরিধি বাড়ছে, বাড়ছে জনসংখ্যা ও বর্জ্যের পরিমাণ। কিন্তু পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও সময়মতো বর্জ্য অপসারণ না হওয়ায় শহরবাসীর স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল বুধবার এসব কথা বলেন বক্তারা। শহরের জোড়দোড়গায় অবস্থিত বেসরকারি সংস্থা ইউএসএসের সম্মেলনকক্ষে ওই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইউএসএসের নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী। বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম প্রমুখ। লিখিত বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো জেলা ছত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মাহফুজুর রহমান তালুকদার।
লিখিত বক্তব্যে মাহফুজুর রহমান তালুকদার বলেন, পৌর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী শহরে প্রতিদিন ২৫ মেট্রিক টন আবর্জনা অপসারণ করা হয়। এসব বর্জ্য সংগ্রহে শহরের বিভিন্ন জায়গায় ২৬০টি অস্থায়ী ও ৪৬টি স্থায়ীভাবে আস্তাকুঁড় করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এ ছাড়া পৌরসভার জনবল, যানবাহন-সংকট এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তদারকি ও জনসচেতনতার অভাবে আস্তাকুঁড় উপচে পড়ে ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে। কাক ও কুকুর-বিড়াল ওইসব ময়লা-আবর্জনা বিভিন্ন এলাকায় ছড়ায়। বর্ষা মৌসুমে ওইসব ময়লা ড্রেনে জমা হয়ে জলাবদ্ধতার সৃষ্টি করে। আবর্জনার স্তূপ থেকে মশা-মাছির মাধ্যমে কলেরা, টাইফয়েড, ডায়রিয়াসহ নানা রোগের জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দুর্গন্ধ ও দূষিত বাতাস আশপাশের পরিবেশকে দূষিত করছে। বর্জ্য অপসারণে অব্যবস্থাপনায় নীলফামারী শহরবাসী এখন স্বাস্থ্যের ঝুঁকিতে রয়েছে।
এ ছাড়া সংবাদ সম্মেলনে বক্তারা নগর কর্তৃপক্ষের প্রতি শহরের বিভিন্ন স্থানে প্রয়োজনীয়সংখ্যক আস্তাকুঁড় নির্মাণ, বিশেষ করে নীলফামারী বাজারে স্থায়ী আস্তাকুঁড় নির্মাণ ও আস্তাকুঁড় থেকে নিয়মিত ময়লা অপসারণ এবং হাসপাতাল, ক্লিনিক, কারখানা ও গৃহবর্জ্যের সঠিক ব্যবস্থাপনার দাবি জানান।
এ বিষয়ে জানতে পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম কিবরিয়া বলেন, ‘বর্জ্য অপসারণে জনবল-সংকট থাকা সত্ত্বেও আমরা নিয়মিত পরিষ্কার করছি। অস্থায়ীভাবে বিভিন্ন এলাকায় ড্রাম দিয়েছি। জনসচেতনতা বাড়াতে বিভিন্ন পাড়া-মহল্লায় কমিটি করে দিয়ে তাঁদের মাধ্যমে প্রচারণা চালাচ্ছি। এ বিষয়ে আমাদের মেয়র মহোদয় অনেক আন্তরিক। সমস্যা সমাধানে আমাদের জনসচেতনতা বাড়াতে হবে।’