নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জলঢাকা পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে দুন্দিবাড়ি গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন দুন্দিবাড়ি আহেলার বাজার এলাকার শাহিন ইসলাম (২৪) ও লাভলু হোসেন (২৫)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, লাভলু শাহিনকে নিয়ে মোটরসাইকেলে করে জলঢাকা শহরে যাচ্ছিলেন। পথে দুন্দিবাড়ি এলাকায় বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে শিমুলগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।