নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নীলফামারীতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আফজাল হোসেন (৩০) ও ধরনীকান্ত রায় (২২) নামের দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিশ্বনাথ রায় (৩০) নামে অপর এক শ্রমিক আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার সকাল সাতটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের জেলা সদরের দাড়োয়ানী টেক্সটাইল মিলের সামনের সড়কে ওই হতাহতের ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত আফজাল হোসেন জেলা শহরের কলোনি পুরোনো বাসস্ট্যান্ড এলাকার কামাল আনসারীর ছেলে এবং উত্তরা ইপিজেডের সেভেন স্টার কারখানার সহকারী ইলেকট্রিশিয়ান। ধরনীকান্ত রায় দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভেরভেরী গোয়ালাপাড়া গ্রামের জয়হরি রায়ের ছেলে। তিনি উত্তরা ইপিজেডের মাজেন বিডি লিমিটেডের শ্রমিক। আহত বিশ্বনাথ রায় জেলা সদরের টুপামারী ইউনিয়নের শালমারা গ্রামের বাহাদুর রায়ের ছেলে। তবে তাঁর কারখানার নাম জানা যায়নি।
এলাকাবাসী জানান, মঙ্গলবার সকাল সাতটার দিকে তাঁরা কাজে যোগদানের জন্য বাইসাইকেলে চড়ে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়ের দেবীগঞ্জগামী একটি নৈশ কোচ ধাক্কা দিলে গুরুতর আহত হন ওই তিনজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আফজাল হোসেন ও সেখানে চিকিৎসাধীন অবস্থায় ধরনীকান্ত রায় মারা যান। বিশ্বনাথ রায় চিকিৎসাধীন আছেন।
নীলফামারী সদর থানার উপপরিদর্শক মশিউর রহমান বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক, সহকারী ও সুপারভাইজার পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহত আফজাল হোসেনের বড় ভাই তোফায়েল আহমেদ বাদী হয়ে থানায় মামলা করেছেন।