নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ ও ডিমলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় চার ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দুটি দুর্ঘটনায় তাঁরা প্রাণ হারান৷
সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জে তিনজন নিহত হন৷ এঁরা হলেন আকবর আলী (৫৫), মনোর আলী (৪৫) ও আলম হোসেন (৩০)৷ তাঁরা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শহরের ফার্মগেট এলাকার বাসিন্দা৷ ডিমলায় নিহত ব্যক্তির নাম জমর উদ্দিন (৭৫)৷ তিনি ডিমলার উত্তর ঝুনাগাছ চাপানি গ্রামের বাসিন্দা ছিলেন৷
থানা-পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবার সূত্র জানায়, গতকাল দেবীগঞ্জ থেকে অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া হিচ্ছল৷ সকাল ১০টার দিকে জলঢাকা-পাগলাপীর সড়কের কিশোরগঞ্জ উপজেলার ধরেয়ার বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে অ্যাম্বুলেন্স আরোহী আকবর আলী ঘটনাস্থলেই প্রাণ হারান৷ পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনোর আলী ও অ্যাম্বুলেন্সচালক আলম হোসেন মারা যান। এ ঘটনায় বাসযাত্রীসহ ১০ জন আহত হন।
অ্যাম্বুলেন্সের মালিক দেবীগঞ্জ উপজেলার ফার্মগেট এলাকার জামাল উদ্দিন জানান, আলম হোসেন তাঁর ছোট ভাই৷ আলম চিকিৎসার জন্য তাঁর ভাতিজি খাদিজা বেগমকে (১২) নিয়ে রংপুরে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় খাদিজার বাবা (আলমের চাচাতো ভাই) মনোর আলী ও মা সাজেদা বেগম; মনোর আলীর চাচা আকবর অালী ও আকবর আলীর ছেলে আকতার আলী (২০) ওই অ্যাম্বুলেন্সে ছিলেন।
জামাল উদ্দিন ওই তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন৷ অন্য তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার ওসি শাহ আলম বলেন, ‘ঘটনাস্থলে একজন নিহত হওয়ার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। বিষয়টি হাইওয়ে পুলিশ তদন্ত করছে।’ তবে হাইওয়ে পুলিশের তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিনে আলম বলেন, ‘ঘটনাস্থলে একজন নিহত হওয়ার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি এবং চিকিৎসাধীন অবস্থায় চালকসহ আরও দুজনের মৃত্যুর খবর শুনেছি।’
অপরদিকে, গতকাল দুপুরে রংপুর-ডালিয়া সড়কে ডিমলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের সোনাখুলি বাজারে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় নছিমনের যাত্রী জমর উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান৷ নছিমনে ওঠার সময় ট্রাকটি পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়৷ এতে তিনি ছিটকে পড়ে মারা যান৷ এ ঘটনায় আহত হন ওই নছিমনের আরও তিন যাত্রী।