নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী-সৈয়দপুর সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গত রোববার সড়ক দুর্ঘটনায় শাহীন আলম (২৫) নামে সিঙ্গাপুরপ্রবাসী এক তরুণ নিহত হয়েছেন। তিনি নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের কীর্তনীয়াপাড়া নগরবন্দ গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
প্রতিবেশী ও পারিবার সূত্র জানায়, শাহীন আলম প্রায় তিন বছর আগে চাকরির জন্য সিঙ্গাপুরে যান। মা-বাবার সঙ্গে ঈদ উদ্যাপনের জন্য তিন সপ্তাহ আগে তিনি দেশে আসেন। রোববার সন্ধ্যা ছয়টার দিকে শাহীন ওই সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নীলফামারী শহরের অদূরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। বাইসাইকেল আরোহী শাহিদ মামুদকে (৫০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার শাহীনদের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর বাবা মোজাম্মেল হক বারবার মূর্ছা যাচ্ছেন। মা হালিমা বেগম আর্তনাদ করছেন। বেলা সাড়ে ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।