নীলফামারীতে হরতালের সময় সাংসদ নূরের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর মঙ্গলবার ১৮-দলীয় জোটের ডাকা হরতালের সময় নীলফামারী জেলা সদরের টুপামারী ও কচুকাটা ইউনিয়নে দুটি জনসভা করেছেন। এ দুটি ইউনিয়ন জামায়াত-অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। দুপুরে সাংসদ রামগঞ্জ বাজারের কালীমন্দির প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন। বিকেলে তিনি কচুকাটা ইউনিয়ন ভূমি কার্যালয়ের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শৈলেন চন্দ্র রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন। দুটি সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, হাফিজুর রশিদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুর রহমান প্রমুখ। সমাবেশে সাংসদ বলেন, ‘হরতালের নামে গাড়ি ভাঙবেন, দোকান ভাঙবেন, পুলিশকে মারবেন, অগ্নিসংযোগ করবেন, এটা কোনো গণতন্ত্র না, এটা বিশৃঙ্খলা।’ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ: সাংসদ আসাদুজ্জামান নূর গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার ব্যাঙমারী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের মধ্যে এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন। ওই গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজার রহমান শাহ্। এর আগে মঙ্গলবার সকালে সাংসদ তাঁর বাসভবনের সামনে চারটি পরিবারের মধ্যে তিনটি রিকশা-ভ্যান, একটি রিকশা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মধ্যে দুই বান্ডিল ঢেউটিন বিতরণ করেন। সাংসদের ব্যক্তিগত তহবিল থেকে এসব বিতরণ করা হয়।