নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় ১১৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকরাম হোসেনের আদালতে হাজির হয়ে গতকাল রোববার জামিন প্রার্থনা করলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৪ জুন কাশিরাম বেলপুকুর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন ওই ইউনিয়নের চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষণা শেষে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে আসার পথে ১ নম্বর ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য ফজলুল হক লোকজন নিয়ে নির্বাচনের কাজে দায়িত্বরত ব্যক্তিদের ওপর হামলা চালান। এ সময় তাঁরা ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা খলিলুর রহমান ও উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আহত হন। পরে পুলিশ তিনটি রাবার বুলেট ছোড়ে আক্রমণকারীদের ছত্রভঙ্গ করে।
এ ঘটনায় ওই দিন রাতেই খলিলুর বাদী হয়ে সৈয়দপুর থানায় আটজন নামীয়সহ অজ্ঞাত এক থেকে দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় এসআই কার্তিক চন্দ্র মোহন্ত তদন্ত করে গত বছরের ১৫ ডিসেম্বর ১১৩ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন। মামলার ধার্য দিন গতকাল আসামিরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।