নীলফামারীতে ১২ ঘণ্টা পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে গতকাল রোববার সকাল ছয়টা থেকে ১২ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। নছিমন, করিমন, ভটভটি ও ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলে বাধা দেওয়ার মধ্য দিয়ে এ ধর্মঘট পালিত হয়। ধর্মঘটে নীলফামারীর সঙ্গে সারা দেশের পরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়ে যাত্রীরা।
সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে তিন চাকার রেজিস্ট্রেশনহীন পরিবহন চলাচল বন্ধের দাবিতে গত শনিবার এই পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
শহরের বাস টার্মিনালের অদূরে সৈয়দপুর সড়কের পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় বেলা আড়াইটার দিকে পিকেটিংয়ের সময় কথা হয় জেলা পরিবহন মালিক গ্রুপের অর্থ সম্পাদক ইবনুল কায়েসের সঙ্গে। তিনি বলেন, ‘সড়কে রেজিস্ট্রেশনবিহীন অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে আজকে আমাদের পরিবহন ধর্মঘট। তাই তাদের বাধা দিচ্ছি। তবে কাঁচামাল ও জরুরি মালামাল পরিবহন করা ট্রাক, পিকআপ চলাচলে বাধা দেওয়া হচ্ছে না।’
জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব ও মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শামসুল হক বলেন, সন্ধ্যা ছয়টায় ধর্মঘট শেষে সংগঠনের সভা হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।