নীলফামারীতে ১৬৫ বসতঘর, পঞ্চগড়ে ৭ দোকান পুড়ে ছাই
নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের মাঝপাড়া গ্রামে গত শুক্রবার অগ্নিকাণ্ডে ৫৫ পরিবারের ১৬৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে পঞ্চগড়ের বোদা উপজেলায় গতকাল শনিবার অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মীভূত হয়েছে।
মাঝপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গ্রামের মোসলেম উদ্দিনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ৫৫টি পরিবারের ওই ১৬৫টি বসতঘর আসবাব, মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবিব, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল হাসান প্রমুখ।
রাতেই সদর আসনের সাংসদ ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পক্ষে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে একটি করে কম্বল দেওয়া হয় এবং গতকাল খাবারের ব্যবস্থা করা হয়। এ ছাড়া পুলিশ সুপারের পক্ষে রাতে ৬৫টি কম্বল ও ৫৫টি সোয়েটার, জেলা প্রশাসনের পক্ষে একটি করে কম্বল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়। এ ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও নীলসাগর অ্যাগ্রো গ্রুপের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনা খাবার দেওয়া হয়। রেড ক্রিসেন্ট আটটি তাঁবুর ব্যবস্থা করে।
নীলফামারী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক প্রামাণিক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ চলছে।
এদিকে বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের নতুনহাট বাজারে গতকাল ভোররাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে বোদা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয় লোকদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই ওই বাজারের সাতটি দোকানের মালামাল পুড়ে যায়।
ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন বলেন, ওই অগ্নিকাণ্ডে দোকানমালিকদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।