নীলফামারীতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ২২ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার নীলফামারীর সন্ত্রাস বিরোধ অপরাধ দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনসার আলী এই রায় দেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২ ডিসেম্বর জেলার জলঢাকা উপজেলা শহরের একটি কুরিয়ার সার্ভিস থেকে দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি প্যাকেট পাঠানোর সময় দোকানমালিকের সন্দেহ হলে তিনি বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ একটি প্যাকেট খুলে জিহাদি সিডি ও লিফলেট উদ্ধার করে। এ ঘটনায় জলঢাকা থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।পরে ২০০৮ সালের ৪ ডিসেম্বর এ মামলায় জলঢাকার শৌলমারী এলাকা থেকে জেএমবির সদস্য নূরে আলম, মামুনুর রশিদ ও গুলজার রহমানকে গ্রেপ্তার করা হয়। আদালতে তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী আরও ২৭ জনকে আসামি করা হয়। বিভিন্ন সময় ওই মামলার ১৯ জন আসামিকে পুলিশ গ্রেপ্তার করলেও বাকি ১১ জন পলাতক রয়েছেন।সূত্র জানায়, মামলার রায়ে চারজনকে ১৪ বছর ছয় মাস করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন: ডিমলা উপজেলার দক্ষিণ খড়িবাড়ী গ্রামের গুলজার হোসেন, একই উপজেলার দক্ষিণ সোনাখুলী গ্রামের মশিয়ার রহমান, জলঢাকা উপজেলা শহরের অপিয়ার রহমান ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নবীনগর গ্রামের আবদুল বাকী। চারজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন: জলঢাকা উপজেলার শৌলমারী মুন্সিপাড়া গ্রামের নূর-ই-আলম ও মামুনুর রশিদ, ডিমলা উপজেলার দক্ষিণ তিতপাড়া গ্রামের হাফিজুল ইসলাম, রংপুরের পীরগাছা উপজেলার প্রতাপ জয়সেন গ্রামের আবদুল কুদ্দুস খান সালকী। তিনজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন: দিনাজপুরের বিরামপুর উপজেলার জোদজয়রাম গ্রামের শাহজাহান আলী, ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া গ্রামের আবুল কালাম, জলঢাকা উপজেলার শৌলমারী মুন্সিপাড়া গ্রামের গোলাম মোস্তফা।মামলার পলাতক আসামিরা হলেন: জলঢাকা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের আমজাদ হোসেন, শৌলমারী আনছারহাট গ্রামের সাইয়াকুল ইসলাম ও শামীম, গোপালঝাড় গ্রামের মাহামুদুল ইসলাম, উত্তর কাজীরহাট গ্রামের মিন্টু, চরভরাট গ্রামের আবদুর রশিদ, তিলাই গ্রামের শামিরুল, দিনাজপুরের বিরামপুর উপজেলার আয়রা মধ্যপাড়া গ্রামের আরমান আলী, একই উপজেলার জোতজয়রাম শাহপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নবীনগর গ্রামের শামীম, একই উপজেলার ইসলামপুর গ্রামের গফুর। তাঁদের প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার আটজন আসামিকে বেকসুর খালাস দেন আদালত। ২৮ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অক্ষয় কুমার রায়।