নীলফামারীতে ২৪ ঘর পুড়ে ছাই, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দাউদ মিলনপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে সাতটি পরিবারের ২৪টি ঘর পুড়ে গেছে। গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগ, একটি পক্ষ পূর্বশত্রুতার জের ধরে তাঁদের বাড়িতে আগুন দিয়েছে। তাঁদের দাবি, আগুনে তাঁদের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর সাড়ে চারটার দিকে টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পরেশ চন্দ্র সরকারের ধানের গোলাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। নীলফামারী ফায়ার সার্ভিসের কর্মীরা ৪০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে দাউদ মিলনপাড়া গ্রামের বিরু চন্দ্র সরকারসহ পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। আগুনে পরেশ চন্দ্র সরকার, বিরেন্দ্র নাথ রায় সরকার, কনক চন্দ্র সরকার, বিরু চন্দ্র সরকার, গোলাপ চন্দ্র সরকার, বিকাশ চন্দ্র সরকার ও নরেশ চন্দ্র সরকারের ২৪টি ঘর ও ঘরে থাকা আসবাব পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে।
আওয়ামী লীগ নেতা পরেশ সরকার বলেন, ‘পাশের বাড়িতে ভোররাতে ধানমাড়াইয়ের কাজ করছিলেন শ্রমিকেরা। তাঁদের চিৎকার শুনে বের হয়ে দেখি আমার গোলাঘরের এক কোণে আগুন। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আমি দমকল বাহিনীকে খবর দিই। তারাও আসতে দেরি করে।’ দেরি হওয়ার কারণ জানতে চাইলে তারা বলেন, সে সময় তাদের ফোন করে ভুল পথ দেখিয়ে সময় নষ্ট করেছে একটি চক্র। তিনি আরও বলেন, আগুনের ধরন দেখে মনে হচ্ছে কোনো দাহ্য পদার্থ দিয়ে পরিকল্পিতভাবে এ আগুন দেওয়া হয়েছে।
টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি একরামুল হক শাহ বলেন, ‘গতকাল সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আমাদের রামগঞ্জে এসেছিলেন। আমরা রামগঞ্জ ট্র্যাজেডির এক বছর পালন করেছি। হয়তো সে কারণে ওই ঘটনার নায়কেরা এ কাজটি করতে পারে।’
নীলফামারী ফায়ার সার্ভিস স্টেশনের গ্রুপ প্রধান ফরহাদ হোসেন বলেন, ঘটনাটি রাজনৈতিক সহিংসতার বলে ধারণা করা হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।