নীলফামারীতে ৪১ ঘর ও ১৪ দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সদর উপজেলার সুটিপাড়া গ্রামে গতকাল রোববার অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতঘরের ধ্বংসস্তূপ। গতকাল ​তোলা ছবি l  প্রথম আলো
নীলফামারীর সদর উপজেলার সুটিপাড়া গ্রামে গতকাল রোববার অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতঘরের ধ্বংসস্তূপ। গতকাল ​তোলা ছবি l প্রথম আলো

নীলফামারীর সদর উপজেলার দুটি স্থানে গতকাল রোববার অগ্নিকাণ্ডে ৪১টি বসতঘর ও ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে তিনটি ছাগল ও অর্ধশতাধিক হাঁস-মুরগি মারা যায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের সুটিপাড়া পূর্ব বকসিপাড়া গ্রামে। দুপুর ১২টার দিকে অপর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সদর উপজেলার চাপড়া সরমজামী ইউনিয়নের বাবড়িঝাড় কাচারি বাজারে। সেখানে পুড়ে যায় ১৪টি দোকান ঘর। দুই স্থানে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।
সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের সুটিপাড়া পূর্ব বকসিপাড়া গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম বলেন, গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে জাহিদুলের রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় গ্রামের ১৮টি পরিবারের ৪১টি ঘর, ঘরে রক্ষিত আসবাব, ধান, চাল, আলু, সরিষা, ভুট্টা, নগদ ১ লাখ ৭০ হাজার টাকা পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে নীলফামারী ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এলেও সংকীর্ণ রাস্তার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে সময় বেশি লাগে। এ কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। অগ্নিকাণ্ডে সব মিলিয়ে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যক্তিগতভাবে আমি দুপুরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খাবার ব্যবস্থা ও প্রতি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, আধা কেজি করে ডাল, আলু, লবণ, ভোজ্যতেল বিতরণ করেছি।’
তাৎক্ষণিক ওই এলাকা পরিদর্শন করে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রতি পরিবারকে ৩০০ করে টাকা এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পক্ষে একটি করে শাড়ি এবং কম্বল বিতরণ করেন।
সদর উপজেলার চাপড়া সরমজামি ইউনিয়নের বাবরিঝাড় কাচারি বাজারের লুৎফর রহমানের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী আমিনূর রহমান বলেন, আগুনে বাজারের ১৪টি দোকান ও দোকানে রাখা মালামাল পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নীলফামারী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, কাচারি বাজারে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সুটিপাড়া গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।