নীলফামারীতে ৫৩টি ঘর ছাই, গরু-ছাগলের মৃত্যু
নীলফামারী জেলা সদরের দক্ষিণ চওড়া ব্রাহ্মণপাড়া গ্রামে রোববার ৫৩টি ঘর আগুনে পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে দুটি গরু, চারটি ছাগল ও শতাধিক হাঁস-মুরগি মারা যায়। আগুন নেভাতে গিয়ে ১৫ জন আহত হন। নীলফামারী ও ডোমার দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রামের কাচুরাম রায়ের গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য খড় জ্বালাতে গেলে সেখানে আগুন ধরে যায়। পরে এ আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় চেয়ারম্যান জুলফিকার আলী বলেন, ওই আগুনে ১১টি পরিবারের ঘর, ঘরে থাকা চাল-ডাল, আসবাব ও নগদ টাকা পুড়ে যায়। গতকাল সোমবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূরের পক্ষ থেকে একটি করে লুঙ্গি, শাড়ি ও কম্বল এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ২০০ টাকা করে বিতরণ করা হয়। সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি দীপক চক্রবর্তী ঘটনাস্থলে এসে এসব সামগ্রী বিতরণ করেন।