নীলফামারীতে 'অপহৃত' ছাত্রীকে উদ্ধারের দাবি
নীলফামারীর জলঢাকায় ‘অপহৃত’ স্কুলছাত্রীকে উদ্ধারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। গতকাল বুধবার দুপুরে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রী এবার এসএসসি পরীক্ষার্থী। তাকে পৌর এলাকার রাজারহাট এলাকা থেকে ১৮ নভেম্বর সন্ধ্যায় অপহরণ করা হয়। স্থানীয় একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মাইক্রোবাসে করে ছাত্রীটিকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ২১ নভেম্বর নীলফামারী আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রতিবেশী ওই ছাত্রের বিরুদ্ধে মামলা করা হয়। আদালত ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন জলঢাকা থানা-পুলিশকে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এর আগে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার খুটামারা ইউনিয়নের একটি গ্রামে তার নানাবাড়ি থেকে ওই ছাত্রীকে সহযোগীদের নিয়ে ওই ছাত্র মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা ১ অক্টোবর মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুকুম আলীর বাড়িতে মেয়েটিকে ফেরত দেয়। পরে আদালতের মাধ্যমে মেয়েটিকে বাবার জিম্মায় দেওয়া হয়।
গতকাল বিকেলে জলঢাকা থানার ওসি মো. মোস্তাফিজার রহমান বলেন, ‘আবারও অপহরণের অভিযোগে পরিবারের লোকজন আদালতে মামলা করেছেন। কিন্তু এ-সংক্রান্ত কোনো নির্দেশ এখন পর্যন্ত আমরা পাইনি।’