নীলফামারী জেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সরবরাহ লাইনে ত্রুটির কারণে জেলার পাঁচটি উপজেলার ৩৩ হাজার গ্রাহক গতকাল বুধবার আট ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন।
পিডিবির নীলফামারী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মির্জা রশীদ-উন নবী বলেন, গতকাল বুধবার ভোরে বজ্রপাতে কাজীরহাট এলাকায় সৈয়দপুর-নীলফামারী ৩৩ কেভি প্রধান সরবরাহ লাইনের বিদ্যুতের চারটি খুঁটির চারটি পিন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সেগুলো সংস্কার করে সরবরাহ স্বাভাবিক করা হয়। এর মধ্যে সকাল ছয়টা ১০ মিনিট থেকে বেলা দুইটা ১০ মিনিট পর্যন্ত জেলার পাঁচ উপজেলা বিদ্যুৎহীন থাকে। তিনি জানান, জেলার পাঁচটি উপজেলা নীলফামারী সদর, ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জে আবাসিক, বাণিজ্যিক ও কলকারখানা মিলে পিডিবির ৩৩ হাজার গ্রাহক রয়েছে।
টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হয়। বিদ্যুতের কারণে কলকারখানা বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হয়। পানি সরবরাহ বন্ধ থাকায় রান্নাবান্নাসহ গৃহস্থািলর কাজে সমস্যা দেখা দেয়। পাশাপাশি অফিস আদালতে কম্পিউটারনির্ভর কাজকর্মে ব্যাঘাত ঘটে। এ সময় বিভিন্ন ব্যাংকে জেনারেটর চালাতেও দেখা যায়। এর বাইরেও স্কুল, কলেজ ও বাসাবাড়িতে ভাপসা ঘরমে শিক্ষার্থীদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে।
নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ সরকার বলেন, টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় কলকারখানাগুলো বন্ধ হয়ে পড়ে। এ কারণে ব্যবসায়ীরাই বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন।