এক কলেজছাত্রীকে কটূক্তি ও জরিমানা করার ঘটনায় নীলফামারী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার নাসরীনকে ২৩ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রহমানকেও ওই দিন হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।গত সোমবার ‘ইউএনওর রায়ে স্নাতক ছাত্রী এখন পতিতা’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। প্রতিবেদনটি তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। শুনানি নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত রুল জারি করেন। আসকের পক্ষে ছিলেন আইনজীবী অবন্তী নূরুল।পরে এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, রুলে ইউএনওর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে নীলফামারীর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনওকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ইউএনও ও ইউপি চেয়ারম্যানকে ২৩ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশের পাশাপাশি ইউএনওকে ওই ছাত্রী ও তাঁর বাবাকে নিয়ে আসতেও বলা হয়েছে।