নীলফামারীর ডিলাররা সার তুলছেন না
নীলফামারীতে বাফার গুদাম স্থাপন এবং পার্বতীপুর বাফার গুদাম থেকে নিম্নমানের ইউরিয়া সার সরবরাহ বন্ধের দাবিতে নীলফামারীর ৭৫ জন সার ডিলার নভেম্বর মাসের বরাদ্দ সার উত্তোলন বন্ধ করে দিয়েছেন। নীলফামারী জেলা সার ব্যবসায়ী সমিতির (বিএফএ) সভাপতি আবদুল ওয়াহেদ সরকার গতকাল সোমবার জানান, সমিতির কার্যকরী কমিটির এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বর মাসের বরাদ্দের ইউরিয়া তাঁরা ৮ নভেম্বর পর্যন্ত উত্তোলন করেননি।ডিলারদের অভিযোগ, পার্বতীপুর বাফার গুদাম থেকে দানা চিকন, জমাটবাঁধা ও ছেঁড়া-ফাটা বস্তায় ইউরিয়া সার সরবরাহ দেওয়া হচ্ছে। কৃষকেরা এই সার না কেনায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নীলফামারীতে বাফার গুদাম না থাকায় ডিলারদের বরাদ্দ করা সার তুলতে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে।চলতি মাসে নীলফামারীর জন্য দুই হাজার ৬৭৭ টন সার বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল সোমবার পর্যন্ত কোনো ডিলার ওই সার উত্তোলন করেননি। নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, জমাটবাঁধা সার কৃষকেরা কিনতে চান না। তবে মোটা দানা ও চিকন দানার ইউরিয়া সারের মধ্যে গুণগত কোনো তফাৎ নেই।নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল মান্নান জানান, ডিলারদের এমন অভিযোগের কথা তাঁরা শুনেছেন। বিষয়টি তাঁরা খোঁজ নিয়ে দেখবেন।