নীলফামারীর দুটি ইউনিয়নের নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদরের সাতটি ইউনিয়নে ৩১ মার্চ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সীমানা জটিলতায় গত ২৪ ফেব্রুয়ারি দুটি ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে।
স্থগিত দুটি ইউনিয়ন হলো খোকশাবাড়ি ও টুপামারী। তবে সদরের চওড়াবড়গাছা, গোড়গ্রাম, পলাশবাড়ি, লক্ষ্মীচাপ ও পঞ্চপুকুর ইউনিয়নে ৩১ মার্চ নির্বাচন হবে। আজ বুধবার ওই পাঁচটি ইউনিয়নের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
সদর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দফার তফসিল অনুযায়ী সদরের ওই সাতটি ইউনিয়নে ৩১ মার্চ ইউপি নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু গত বছর পৌরসভার সম্প্রসারণে খোকশাবাড়ি ইউনিয়নের ৮ ও ৯ নম্বর এবং টুপামারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পৌরসভায় অন্তর্ভুক্ত হয়। ফলে সীমানা জটিলতায় নির্বাচন কমিশন গত ২৪ ফেব্রুয়ারি ইউনিয়ন দুটির নির্বাচনী তফসিল স্থগিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে খোকশাবাড়ি ইউপির চেয়ারম্যান মো. বদিউজ্জামান প্রধান বলেন, সীমানা নিয়ে জটিলতা থাকায় তাঁর ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে টুপামারীর ইউপি চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির প্রথম আলোকে বলেন, নির্বাচনী তফসিল ঘোষণা করা হলেও সীমানা নির্ধারণী জটিলতায় তা আবার স্থগিত করে নির্বাচন কমিশন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজাদুল হেলাল বলেন, ঘোষিত তফসিলে ওই সাতটি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়নের সঙ্গে পৌরসভার সীমানা জটিলতা রয়েছে। এ কারণে ইউনিয়ন দুটির তফসিল স্থগিত করা হয়।