নীলফামারীর বড় বাজারে আগুন
নীলফামারী জেলা শহরের বড় বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গত রোববার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার দিবাগত রাত ১২টার দিকে বড় বাজারের সুবাস স্টোর নামের একটি মুদি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দ্রুত ওই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সুবাস স্টোরের দোকান ও মালামাল সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে কুণ্ডু স্টোর, ভৌমিক ব্রাদার্স, শিল্পী ট্রেডার্স ও কুণ্ডু অ্যান্ড সন্স আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা দাবি করেন, এ ঘটনায় তাঁদের ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নীলফামারী ফায়ান সার্ভিস স্টেশনের কর্মকর্তা এনামুল হক বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।