নীলফামারীর সিভিল সার্জনকে অপসারণের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সিভিল সার্জনকে অপসারণ ও তাঁকে গ্রেপ্তারের দাবিতে গতকাল স্থানীয় মুক্তিযোদ্ধারা অবস্থান ধর্মঘট পালন ও সমাবেশ করেছেন। সিভিল সার্জনের বিরুদ্ধে জেলা স্বাস্থ্য বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় লোক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁরা এসব দাবি জানিয়েছেন। গতকাল দুপুরে নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে মুক্তিযোদ্ধারা মিছিল বের করেন। পরে শহর প্রদক্ষিণ শেষে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় সেখানে সমাবেশ হয়। বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি স্বাস্থ্য বিভাগের একটি নিয়োগে সিভিল সার্জন আবদুর রশীদ আকন্দ ঘুষ-দুর্নীতি করে কয়েক কোটি টাকার নিয়োগ-বাণিজ্য করেছেন। ঘুষের বিনিময়ে তিনি অমুক্তিযোদ্ধার সন্তানদের নিয়োগ দিয়েছেন। ২৯ সেপ্টেম্বর সিভিল সার্জনের অপসারণ ও তাঁকে গ্রেপ্তারের দাবিতে তাঁরা জেলায় অর্ধদিবস হরতালের ঘোষণা দেন। পরে মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের কাছে বিভিন্ন দাবিসংবলিত একটি স্মারকলিপি দেন। সিভিল সার্জন আবদুর রশীদ আকন্দ জানান, নিয়মতান্ত্রিকভাবে লোক নিয়োগ দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধার কোটায় কোনো অমুক্তিযোদ্ধার সন্তানকে নিয়োগ দেওয়া হয়নি। কিছু লোক ব্যক্তিস্বার্থে আন্দোলন করছেন। জানা গেছে, নীলফামারীর সিভিল সার্জন কার্যালয়ের অধীনে বিভিন্ন চিকিৎসাকেন্দ্র ও কার্যালয়ে এমএলএসএস, নিরাপত্তা প্রহরীসহ কয়েকটি পদে লোক নিয়োগের জন্য ১৫ থেকে ২৫ আগস্ট পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ১১ সেপ্টেম্বর ফলাফল প্রকাশ করা হয়।