নীলফামারীর সেই সিভিল সার্জন সাময়িক বরখাস্ত
দুর্নীতির অভিযোগে বদলি হওয়া নীলফামারীর সেই সিভিল সার্জন আবদুর রশিদ আকন্দকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৯ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।গত বছর সিভিল সার্জন নীলফামারী কার্যালয়ের আওতায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জনবল নিয়োগে তৎকালীন সিভিল সার্জন (বর্তমানে সহকারী পরিচালক, এমএসডি, রাজশাহীতে কর্মরত) আবদুর রশিদ আকন্দের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা কোটায় অমুক্তিযোদ্ধা পোষ্যদের নিয়োগ দেওয়ার অভিযোগে মানববন্ধন, গণ-অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে জেলার মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। মিছিল-মিটিং, ঘেরাওসহ অনশন কর্মসূচির একপর্যায়ে তাঁকে ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে প্রত্যাহার করে নেওয়া হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, ‘দুর্নীতিবাজ ওই কর্মকর্তার বিরুদ্ধে নীলফামারীবাসী যে আন্দোলন করেছে, এর একটু হলেও স্বার্থকতা এল, আমরা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’সিভিল সার্জন আবদুর রশিদ আকন্দ বলেন, ‘আমি এখন ঢাকায়। প্রজ্ঞাপনের বিষয়ে আমি এখনো কিছু জানি না।’