ঢাকা থেকে নীলফামারীগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি গতকাল রোববার টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে বিকল হয়ে যায়। প্রায় পাঁচ ঘণ্টা আটকে থাকায় বিক্ষুব্ধ ট্রেনযাত্রীরা স্টেশনে ভাঙচুর এবং রেলকর্মীদের মারধর করে। এ ঘটনায় পুলিশ স্থানীয় তিনজনকে আটক করে। টাঙ্গাইল রেলওয়ে স্টেশনমাস্টার মো. জালাল উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর নীলসাগর এক্সপ্রেস দুপুর একটা ২০ মিনিটে টাঙ্গাইল স্টেশনে প্রবেশ করে। এ সময় ট্রেনের চালক মোজাম্মেল হক স্টেশনমাস্টারকে জানান যে ইঞ্জিন বিকল হয়েছে। এ খবর রেলওয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকেন্দ্রে জানানোর পর বেলা তিনটা ২০ মিনিটে মেরামতের জন্য প্রকৌশলীরা এসে পৌঁছান। তাঁরা মেরামত করার সময় ট্রেনের যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে যাত্রীরা স্টেশনের কর্মীদের মারধর করে এবং স্টেশনে ভাঙচুর চালায়। এ সময় স্টেশনের হকার ও স্থানীয় লোকজন রেলকর্মীদের পক্ষ নিয়ে ট্রেনযাত্রীদের ধাওয়া করে। একপর্যায়ে টাঙ্গাইল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজন স্থানীয় লোককে আটক করে।স্টেশনমাস্টার জনান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইঞ্জিন সচল হওয়ার পর নীলসাগর এক্সপ্রেস টাঙ্গাইল স্টেশন ত্যাগ করে। ভাঙচুর ও মারধরের ব্যাপারে জিআরপি থানায় জিডি করার প্রস্তুতি চলছে বলে স্টেশনমাস্টার জানান।