নীলসাগর গেল চিলাহাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমারের চিলাহাটি রেলস্টেশনে গতকাল চিলাহাটি-ঢাকা পথে নীলসাগর এক্সপ্রেস ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। এ সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ স্থানীয় কয়েকজন সাংসদ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন l প্রথম আলো
নীলফামারীর ডোমারের চিলাহাটি রেলস্টেশনে গতকাল চিলাহাটি-ঢাকা পথে নীলসাগর এক্সপ্রেস ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। এ সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ স্থানীয় কয়েকজন সাংসদ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন l প্রথম আলো

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি থেকে ঢাকা পথে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরু করেছে। গতকাল বুধবার দুপুরে চিলাহাটি রেলস্টেশন চত্বরে ফলক উন্মোচন করে এ ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী বলেন, ‘এর আগে জাতীয় পার্টির সরকার গেছে, বিএনপির সরকার গেছে। কিন্তু চিলাহাটি থেকে ঢাকার পথে ট্রেন চলে নাই। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে ট্রেন চালু হলো। নীলসাগর ট্রেনের উদ্বোধনের মাধ্যমে আজ আপনাদের দীর্ঘদিনের দাবি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি পূরণ হলো। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।’
রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কৃষ্ণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর, নীলফামারী-১ আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার, পঞ্চগড়-২ আসনের সাংসদ মো. নুরুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক আবদুল আউয়াল ভূঁইয়া, নীলফামারীর জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া, ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মকছেদুল মোমিন প্রমুখ।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘এই ট্রেন চালু হওয়ায় আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। নীলসাগর চালুর বিলম্বের প্রধান কারণ লোকবলের অভাব। এখন আসনসংখ্যা ও বগি কম থাকলেও আগামী দিনে আমরা চেয়ে নেব। ভবিষ্যতে এ পথে চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত রেল চলাচলের ব্যাপারেও আমরা চেষ্টা করব।’ তিনি আরও বলেন, ‘চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়নে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি। তিনি এ ব্যাপারে সম্মত আছেন।’
চিলাহাটি রেলস্টেশনের মাস্টার জাহাঙ্গীর আলম জানান, ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটি স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে। এটি রাত নয়টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।