নীলসাগর ট্রেনে আরও পাঁচটি কোচ সংযোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর চিলাহাটি-ঢাকা রুটের নীলসাগর এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত পাঁচটি কোচ সংযোজন হচ্ছে আজ বৃহস্পতিবার। ওই ট্রেনটি এখন থেকে ৭টির স্থলে ১২টি কোচ নিয়ে ওই রুটে চলাচল করবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানায়, রংপুর বিভাগের আটটি জেলাসহ পাশের জয়পুরহাট, বগুড়া, নওগাঁ ও নাটোরের ট্রেনের যাত্রীরা নীলসাগর এক্সপ্রেস ব্যবহার করছে। ওই এলাকার যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল, ট্রেনটিতে বেশি যাত্রী পরিবহনের স্বার্থে অতিরিক্ত কোচ সংযোজনের। সেই দাবি বাস্তবায়িত হচ্ছে। আজ রাত ১০টায় সংযোজনের পর ১২টি কোচ নিয়ে সাজানো নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি থেকে ছেড়ে এসে সৈয়দপুর হয়ে ঢাকা যাবে।
রেলওয়ের ট্রাফিক কন্ট্রোল বিভাগ সূত্র জানায়, নীলসাগর ট্রেনে বর্তমানে আসনসংখ্যা হবে ৯১৫। এর আগে ওই ট্রেনে আসন ছিল ৪৬৭টি।
পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসী বলেন, রেলওয়ের সেবাকে আরও গতিশীল করতে ট্রেনে ট্রেনে কোচ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই অনুযায়ী নীলসাগর ট্রেনে পাঁচটি কোচ যুক্ত হলো। এতে জ্বালানি ব্যয় সাশ্রয় হবে এবং আয় বাড়বে।
এ ব্যাপারে জানতে চাইলে সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেম বলেন, নীলসাগর ট্রেনে মূলত সৈয়দপুর থেকে বেশি যাত্রী যাতায়াত করে।