নীলসাগরের শীতাতপনিয়ন্ত্রিত বগিটি প্রত্যাহার করায় ভোগান্তিতে
নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা পথে চলাচলকারী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত চেয়ার বগিটি প্রত্যাহার করার ১০ মাসেও সংযোজন করা হয়নি। ফলে এ রুটে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
গত মঙ্গলবার নীলফামারী স্টেশনে ব্যবসায়ী আলিয়ার রহমান (৪০) বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ অঞ্চলের মানুষের জন্য নীলসাগর ট্রেন চালু হয়। কিন্তু প্রায় ১০ মাস আগে শীততাপনিয়ন্ত্রিত বগিটি প্রত্যাহার করে নেওয়া হয়। তাঁকে ব্যবসায়িক কাজে প্রায় সময় ঢাকা যাওয়া-আসা করতে হয়। বাধ্য হয়ে গরমে সাধারণ বগিতে ভ্রমণ করতে হচ্ছে। তা ছাড়া শিশু আর অসুস্থদের এভাবে যেতে অনেক কষ্ট হচ্ছে।
নীলফামারী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার বলেন, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই গুরুত্বপূর্ণ ওই ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত বগিটি সরিয়ে নেওয়া হয়েছে। ওই কোচটি না থাকায় গরমে যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। তিনি ঈদের আগেই ওই কোচটি নীলসাগরে সংযুক্ত করার দাবি জানান।
ডোমার উপজেলা রেল যোগাযোগ রক্ষা কমিটির আহ্বায়ক আইয়ুব আলী বলেন, ওই ট্রেনে নীলফামারী জেলা ছাড়াও পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার প্রচুর মানুষ চলাচল করে। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে নীলসাগরের যাত্রীসেবার মান বিঘ্নিত হচ্ছে।
নীলফামারীর স্টেশনমাস্টার ওবাইদুল ইসলাম বলেন, শীতাতপনিয়ন্ত্রিত বগিতে মোট ৮০টি আসন ছিল। কী কারণে কোচটি বিচ্ছিন্ন করা হয়েছে, তা তাঁর জানা নেই। প্রতিদিনই ওই কোচের টিকিট নিতে আসা যাত্রীরা ফেরত যাচ্ছেন।
এ ব্যাপারে রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা আহসান উল্লা ভুঁইয়া মুঠোফোনে বলেন, কোচটিতে কিছু ত্রুটি থাকায় তা সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামতের জন্য দেওয়া হয়েছে। আগামী ঈদের আগেই কোচটি নীলসাগর এক্সপ্রেসের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।