নীলাচলে রং-তুলির সেতুবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নীলাচল পর্যটনকেন্দ্রে আয়োজিত দক্ষিণ এশিয়ার শিল্পীদের আর্ট ক্যাম্প উদ্বোধনের পর একই ক্যানভাসে ছবি আঁকছেন বিভিন্ন দেশের শিল্পীরা, প্রথম আলো
বান্দরবানের নীলাচল পর্যটনকেন্দ্রে আয়োজিত দক্ষিণ এশিয়ার শিল্পীদের আর্ট ক্যাম্প উদ্বোধনের পর একই ক্যানভাসে ছবি আঁকছেন বিভিন্ন দেশের শিল্পীরা, প্রথম আলো

বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্রে দক্ষিণ এশিয়ার শিল্পীদের মিলনমেলা বসেছে। সার্ক কালচারাল সেন্টারের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ৩৪ জন শিল্পীকে নিয়ে গতকাল বুধবার শুরু হয়েছে তিন দিনের আর্ট ক্যাম্প। বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল ও পাকিস্তানের শিল্পীরা এতে অংশ নিচ্ছেন।

গতকাল আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অতিথি ছিলেন শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় প্রদেশের গভর্নর কুমারী বালাসুরিয়া, সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, সার্ক কালচারাল সেন্টারের পরিচালক জি এল ডব্লিউ সামারাসিঙ্গে, উপপরিচালক সুন্দরী ডেভিড রডরিগো, শিল্পকলা একাডেমীর পরিচালক লিয়াকত আলী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা ও বান্দরবানের জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম।

বেলা ১১টায় আসাদুজ্জামান নূর নীলাচলে পৌঁছালে তাঁকে আদিবাসী শিল্পীরা অভ্যর্থনা জানান। এরপর মন্ত্রী বিভিন্ন দেশের শিল্পীদের সঙ্গে কুশল বিনিময় করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশে শিল্পচর্চার সমৃদ্ধ ইতিহাস আছে। এই আর্ট ক্যাম্প বাংলাদেশের শিল্পীদের শিল্পচর্চায় প্রভাব ফেলবে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার শিল্পীরা আরও কাছাকাছি আসবেন।

জি এল ডব্লিউ সামারাসিঙ্গে বলেন, সার্ক দেশগুলোর শিল্পীদের নিয়ে এর আগে শ্রীলঙ্কা ও মালদ্বীপে তিনটি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। সার্ক শিল্পীদের এটি চতুর্থ আর্ট ক্যাম্প। এ অঞ্চলের শিল্পীদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্বোধনের পর সমবেত নাচ-গান করেন বান্দরবানের ১২টি জনগোষ্ঠীর শিল্পীরা। এরপর অতিথিরা ক্যানভাসে তুলির আঁচড় টেনে ক্যাম্প শুরু করেন। প্রদর্শনীতে বাংলাদেশের ১০ জন, নেপালের পাঁচজন, মালদ্বীপের চারজন, ভুটানের ছয়জন ও পাকিস্তানের একজন শিল্পী অংশ নেন। ভারত ও আফগানিস্তানের শিল্পীদের এই ক্যাম্পে অংশ নেওয়ার  কথা থাকলেও শেষ পর্যন্ত যোগ দিতে পারেননি।

বাংলাদেশের শিল্পী আবদুর শাকুর প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই সার্ক দেশের শিল্পীরা পরস্পরের সঙ্গে যোগাযোগ গড়ে তুলুক। এ ধরনের ক্যাম্প হলে এ অঞ্চলের শিল্পীদের পরিচিতি বাড়বে।’