নীলাদ্রি হত্যার বিচারের দাবিতে একাই অনশনে
নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যাকাণ্ডের এক বছরের মাথায় ওই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গতকাল রোববার দিনব্যাপী অনশন করলেন নীলাদ্রির বন্ধু সাজ্জাদ সাজু। সকাল নয়টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশন শুরু করেন তিনি। অনশনস্থলের পেছনে রেলিংয়ে লাগানো হয়েছিল বেশ বড়সড় একটি ব্যানার। তাতে লেখা, ‘নিলয় নীল হত্যাকাণ্ডের এক বছর, রাষ্ট্র এবং প্রশাসনের কী খবর?’ বড়টির পাশে আরও ছিল ছোট দুটি ব্যানার।
সাজ্জাদ একাই ডাক দিয়েছেন অনশনের। জিজ্ঞেস করতে গলায় ব্যানার ঝোলানো সাজ্জাদ বলেন, নিলয় তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ছিলেন সহযোদ্ধা ও সহকর্মী। এখন নিলয়ের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে নেমেছেন।
২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর গোড়ানে বাসায় ঢুকে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে (২৭) নৃশংসভাবে হত্যা করা হয়।
বন্ধুর হত্যাকাণ্ডের তদন্ত বা বিচারের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই বলে মনে করেন সাজ্জাদ সাজু। তিনি বলেন, শুধু সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি।