নীলাদ্রি হত্যায় জড়িত সন্দেহে আটক ২

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যায় জড়িত সন্দেহে সাদ আল নাহিয়ান ও মাসুদ রানা নামের দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাঁদের আটক করা হয়। নাহিয়ান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, সাদ আল নাহিয়ানকে উত্তরার ৭ নম্বর সেক্টর থেকে আর মাসুদ রানাকে মিরপুরের কালশী এলাকা থেকে আটক করা হয়। নীলাদ্রি হত্যার ঘটনায় তাঁদের সন্দেহ করা হচ্ছে। তাঁরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
ডিসি জানান, সাদ আল নাহিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিলেন। ব্লগার আসিফ মহিউদ্দীনের ওপর হামলার ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। তিনি জামিনে ছিলেন। আর মাসুদ রানা সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি। আজ শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
৭ আগস্ট নীলাদ্রিকে রাজধানীর গোড়ানের ভাড়া বাসায় ঢুকে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় তাঁর স্ত্রী আশামণি অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেছেন।
এ নিয়ে চলতি বছরে চারজন ব্লগারকে একইভাবে হত্যা করা হলো। এর আগে ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অভিজিৎ রায়, ৩০ মার্চ তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়ীতে ওয়াশিকুর রহমান এবং ১২ মে সিলেট নগরের সুবিদ বাজারে অনন্ত বিজয় দাশ খুন হন।