নীলাভ জলে পাখির মেলা

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাট। ঘাটের সামনে জেগে ওঠা কাঁচা চরের নলখাগড়ার বন দখল করেছে কালোমাথা কাস্তেচড়া আর ছোট-মাঝারি বগার দল। নদীতে ডুবসাঁতারে মাছ শিকার করছে কালো রঙের পানকৌড়ি, কালোঠোঁট আর নদীয়া পানচিল। আকাশে ভুবনচিল। এর মাঝে ডেকে উঠছে হলদে গাল হট টি টি।
জানুয়ারি মাসে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন চরে এবং চরফ্যাশন উপজেলার বুড়াগৌরাঙ্গ নদের দুই তীরে বসে জলচর পাখি আর হাঁসের মেলা। চরগুলোর মধ্যে চর পাতিলা, চর কুকরি-মুকরি ও ঢালচরে বেশিসংখ্যক পাখি দেখা যায়।
২৭ জানুয়ারি ভোরে ভোলার দৌলতখানের মাঝিরহাট এলাকায় দেখা যায়, মেঘনার নীলাভ জলে মাটির ঢেলার মতো আছড়ে পড়ে মাছ শিকার করছে জুলফি পানচিল। নদীর মাঝে জেগে ওঠা কাচিয়ার চরের আকাশে উড়ছিল গাঙচিল। আরেকটু এগিয়ে দেখা যায়, চরে দলে দলে বসে আছে প্রশান্ত সোনা জিরিয়া, উত্তরীয় লেঞ্জাহাঁস, কালালেজ জৌরালি, ইউরেশিও গুলিন্দার মতো শত শত পরিযায়ী পাখি।
এদিকে, ভেদুরিয়া ফেরিঘাটের পশ্চিমে আলিমাবাদ চরে গেলে দেখা মেলে একঝাঁক ধূসর মাথা টি টি ও কালোমাথা কাস্তেচড়ার। আর শামুক ভাঙার কয়েকটি ঝাঁক দেখা গেল চর হোসেনে।
মধুপুর ও নেয়ামতপুর চরের আগে জেগে উঠেছে আরও একটি চর। লোকে ডাকে লেচকি চর। আর সেখানে দেখা যায় সিঁতিহাঁস, খুন্তেহাঁস, খয়রাচখাচখি, ছোট পানকৌড়ি, ছোটবগা, বড়বগা, পিয়ঙহাঁস, ধূসরবগা, পাতিতিলিহাঁস, কালোমাথা গাঙচিল, ছোট ধলাজিরিয়া, ছোট নর্থজিরিয়া, গো-বগা, মেটেরাজহাঁস, পাতিবাটান, চেগা, পাতিচেগা, পাকড়াকাপাসিসহ শত শত পাখি।
স্থানীয় ব্যক্তিরা বলেন, ভোলার বিলে-ঝিলে সারা বছর পাখি দেখা যায়। এখানে বনাঞ্চলসহ ব্যক্তিগত অনেক বাগান আছে। যেখানে সারা বছরই বক আর পানকৌড়ি বাস করে। এর বাইরে যেসব হাঁস আর পাখি দেখা যায়, সেগুলো পরিযায়ী।
কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, কুকরিতে সারা বছর পাখি দেখা যায়। এখানে পাখি সংরক্ষণে প্রতি মাসে একবার করে ঢোল বাজানো হয় পাখি শিকার না করার জন্য। বিশেষ করে শীতকালে বাজানো হয় বেশি করে।
বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্যরা বলেন, ১৯৮৭ সাল থেকে বিশ্বের অন্যান্য স্থানের সঙ্গে ভোলাতেও জলচর পাখিশুমারি হচ্ছে। বার্ড ক্লাব প্রতি জানুয়ারিতে ভোলায় এ শুমারি করে। চলতি বছর ভোলার শতাধিক চরে ৬১ প্রজাতির ৩০ হাজার ৯৮৮টি পরিযায়ী পাখির শুমারি হয়েছে। ২০১২ সালে এর সংখ্যা ছিল ৬৫ জাতের ৩১ হাজার ৯৬৫টি, ২০১৩ সালে ৬৪ প্রজাতির প্রায় ৩৫ হাজার ৫০০টি, ২০১৪ সালে ৬৬ প্রজাতির প্রায় ৪৯ হাজার ৯২৫টি, ২০১৫ সালে ৬৫ জাতের ৫৬ হাজার ৫২২টি।
ভোলার উপকূলীয় বন বিভাগের বন কর্মকর্তা রুহুল আমিন বলেন, চরফ্যাশনের চর পাতিলায় বার্ড ওয়াচ টাওয়ার করা হয়েছে।
পাখি পর্যবেক্ষক ও বিশেষজ্ঞ সামিউল মোহসেনিন জানান, উপকূলের চরাঞ্চল, বন, বাড়িঘর হলো পাখির বিচরণ ও প্রজননক্ষেত্র। ভোলাকে পাখি-পর্যটন এলাকা ঘোষণা দিয়ে এখানে পাখির অভয়াশ্রম তৈরি করা জরুরি।